ডিএসসিসি মেয়র ইস্যুতে আইন ভঙ্গ করেনি স্থানীয় সরকার বিভাগ: আসিফ মাহমুদ

Published :
Updated :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন লঙ্ঘন করেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
তিনি বলেন, এ বিষয়টি এখনো আদালতের বিচারাধীন। এর মধ্যে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, পরে মেয়াদ শেষ হয়েছে সিটি করপোরেশনেরও। ফলে স্থানীয় সরকার বিভাগের পক্ষে শপথ অনুষ্ঠান আয়োজনের কোনো আইনি সুযোগ ছিল না।
বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনে সভা করাকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এভাবে ক্ষমতা দেখিয়ে নগর ভবনে অবস্থান করায় দক্ষিণ সিটির দৈনন্দিন নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। একজন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, চলমান অবরোধের কারণে গত এক মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ নাগরিক সেবা কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তারা এখন ওয়াসার অফিসে বসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে সেবায় ব্যাঘাত না ঘটে।
উপদেষ্টা আরও বলেন, নাগরিকদের স্বার্থ রক্ষায় আন্দোলনকারীদের আরও পরিপক্ব ও দায়িত্বশীল আচরণ করা উচিত।

For all latest news, follow The Financial Express Google News channel.