ঈদে রাজধানীর নিরাপত্তায় থাকছে ৫০০ পেট্রোল টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published :
Updated :

জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০টি পেট্রোল টিম মোতায়েন থাকবে। তিনি বলেন, “ঢাকার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ আত্মবিশ্বাসী।”
তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের নামাজ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে সক্রিয়ভাবে কাজ করছে। ঈদগাহে আগতদের জন্য জায়নামাজ নিয়ে আসার প্রয়োজন হবে না। বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি রাখা হয়নি, সবাই প্রস্তুত।”
ঈদের সময় সাধারণত চুরি ও ছিনতাইয়ের প্রবণতা বেড়ে যায়—এ প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা শহরের অলিগলি পর্যন্ত নজরদারিতে থাকবে পেট্রোল টিম। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে আমরা সতর্ক। গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও আমরা প্রত্যাশা করি।”
থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, ইতোমধ্যে সিলেট বিভাগে অনলাইন জিডি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, এবং ভবিষ্যতে সারা দেশেই মামলা ও জিডি অনলাইনে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “মহাখালীতে সাংবাদিক হয়রানির যে অভিযোগ এসেছে তা আমাদের নজরে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।” তিনি সাংবাদিকদের অনুরোধ করেন যেন সত্য তথ্য তুলে ধরা হয়, কারণ ভুল বা মিথ্যা সংবাদে পার্শ্ববর্তী দেশগুলো কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করে।
অপরাধীদের গ্রেফতারের পর পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার বিষয়েও প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি বিচার বিভাগের বিষয়। সম্প্রতি দেখা গেছে, জামিনে মুক্তি পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসী আবারও অপরাধে জড়িয়ে পড়ায় তাদের ফের আইনের আওতায় আনা হয়েছে। আইন সবার জন্য সমান, কেউ পার পাবে না।”
সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, “এবার ঈদ উপলক্ষে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমি শতভাগ নিশ্চিত।”

For all latest news, follow The Financial Express Google News channel.