
Published :
Updated :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি দেশের অর্থনীতিকে কোনোভাবে স্থবির করবে না বা নেতিবাচক প্রভাব ফেলবে না।
আজ বুধবার (৪ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে কোনো সমস্যা সৃষ্টি হবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি স্থবির হওয়ার সম্ভাবনা নেই। ব্যবসায়ীরা নিজেদের মতো করে ব্যবসা পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট করে জানিয়েছে, কোন কোন দিন কোথায় কোথায় ব্যাংক খোলা থাকবে, এমনকি গরুর হাটে ব্যাংকিং কার্যক্রম কীভাবে চলবে তাও নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের ছুটি হয়ে থাকে। বড়দিন উপলক্ষে কিছু দেশে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি দেওয়া হয়। তারপরও দেশ চলে। তাই বাংলাদেশেও কোনো সমস্যা হবে না।
তিনি জানান, সরকার ইতোমধ্যে বাজেট ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হবে। ঈদের পর বাজেট নিয়ে যেসব পরামর্শ ও মন্তব্য আসবে, সেগুলো গ্রহণ করা হবে। ১৯ জুন পর্যন্ত বাজেট বিষয়ে মতামত দেওয়ার সুযোগ থাকবে এবং ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদনের জন্য তোলা হবে।
সাংবাদিকদের প্রশ্ন ছিল—তিন দিনের মধ্যে এসব মতামত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কি না। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজেট প্রক্রিয়া চলমান এবং মতামত ইতিমধ্যে আসতে শুরু করেছে, একদিনেই সব আসবে না।
বাজেটে দরিদ্র মানুষের জন্য কোনো সুখবর নেই—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেটে সুখবর রয়েছে। কোথায় কী পরিবর্তন এসেছে, তা খেয়াল করে দেখার আহ্বান জানান।
সাধারণ মানুষের মধ্যে বাজেট স্বস্তি আনবে কি না—এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটে স্বস্তি আছে।

For all latest news, follow The Financial Express Google News channel.