
Published :
Updated :

ঈদের দিনে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার জন্য ভালো খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
আজ শনিবার (৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে, সারাদেশের জন্য গতকাল রাতে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.