
Published :
Updated :

ঈদুল আজহার দিন যমুনা সেতু দিয়ে মোট ২১ হাজার ১৯৮টি যানবাহন চলাচল করেছে। এতে আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩০০ টাকা টোল।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৬ জুন) রাত ১২টা থেকে শনিবার (৭ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১০ হাজার ৯৮টি, যার বিপরীতে টোল আদায় হয় ৬৬ লাখ ৮৬ হাজার ৬৫০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহন ছিল ১১ হাজার ১০০টি, এতে আয় হয়েছে ৮০ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
ঈদযাত্রার ছয়দিনে (১ জুন থেকে ৬ জুন পর্যন্ত) যমুনা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৫৫ হাজার ২২০টি। এতে মোট টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।
এর মধ্যে গত বৃহস্পতিবার (৫ জুন) রেকর্ডসংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন সেতু পার হয়েছে, যা সেতু চালুর পর এক দিনে সর্বোচ্চ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানিয়েছেন, ঈদযাত্রার সময় যানবাহনের চাপ সামাল দিতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু ছিল। এর মধ্যে প্রতিটি পাশে ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ চালু রাখা হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.