ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: ইমানুয়েল ম্যাক্রোঁ

Published :
Updated :

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ম্যাক্রোঁ লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি বলেন, শান্তি সম্ভব। এখনই যুদ্ধবিরতি প্রয়োজন, সব বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য বৃহৎ মানবিক সহায়তা দিতে হবে।
তিনি আরও লেখেন, একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে নিরাপদ করতে হবে এবং সেখানে পুনর্গঠন শুরু করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করেই তা গড়ে তুলতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং তার টিকে থাকার মতো পরিবেশ তৈরি করতে হবে।
ম্যাক্রোঁ বলেন, এসব বাস্তবায়নের জন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে রাজি হতে হবে এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। এই পথই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে পারে— এর কোনো বিকল্প নেই।
পোস্টে তিনি জানান, ফ্রান্সের নাগরিকরা মধ্যপ্রাচ্যে শান্তি দেখতে চায়। ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সবার দায়িত্ব এখন প্রমাণ করা— শান্তি সম্ভব। নিজের এই অবস্থান জানিয়ে ইতোমধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠিও পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

For all latest news, follow The Financial Express Google News channel.