
Published :
Updated :

জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টায় গাজায় প্রায় ১৪ হাজার শিশু প্রাণ হারাতে পারে।
আজ মঙ্গলবার (২০ মে) বিবিসির রেডিও-৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।
তিনি জানান, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করায় শিশুদের খাদ্য সংকট চরমে পৌঁছেছে, যার ফলে এই মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে সোমবার প্রায় আড়াই মাস পর প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে সেই দিন মাত্র পাঁচটি ট্রাক ২০ লাখের বেশি মানুষের জন্য প্রবেশ করতে দেয়, যেটিকে টম ফ্লেচার ‘সমুদ্রে একফোঁটা পানি’র সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এই পরিমাণ ত্রাণ গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় মোটেই যথেষ্ট নয়।
তিনি আরও জানান, যেসব ট্রাক প্রবেশ করেছে, তাতে শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার ও পুষ্টিকর সামগ্রী ছিল। তবে ট্রাকগুলো এখনও শুধু গাজার ভেতরে প্রবেশ করেছে, এসব ত্রাণ এখনও সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.