
Published :
Updated :

গত ৪৮ ঘণ্টায় গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং জোরপূর্বক প্রায় ৩ লাখ মানুষকে গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
শনিবার (১৭ মে) দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রোববার (১৮ মে) এ তথ্য প্রকাশ করে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
গাজার মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার এক হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। এসব এলাকার বাসিন্দাদের গাজা শহরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই।
তারা আরও অভিযোগ করে জানায়, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে উদ্ধারকারী ও চিকিৎসাসেবা কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে ধ্বংসস্তূপের নিচে প্রায় ১৪০ মরদেহ আটকে রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া, জাবালিয়ার তেল আল-জাতার, বাইত লাহিয়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় শরণার্থীদের অস্থায়ী আশ্রয় হিসেবে স্থাপিত শত শত তাঁবু ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি ড্রোন হামলা। গাজার মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কিছু দেশের সহযোগিতাকে ‘উদ্বেগজনক ও লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।
গাজা শহরের বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে আশ্রয়কেন্দ্র ও তাঁবুর অভাবে হাজার হাজার পরিবার রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে, বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের চরম ঘাটতি, অবরোধ এবং অব্যাহত বিমান হামলার ফলে ওইসব মানুষ ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.