
Published :
Updated :

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে টানা পাঁচদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা।
এ পরিস্থিতিতে সোমবার (১৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ইশরাক হোসেন বলেন, “মেয়র পদ মুখ্য নয়। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে, সেটাই প্রকাশ্যে এসেছে।”
তিনি অভিযোগ করেন, “এই পরিস্থিতিতে আমি অনেক কিছু সহ্য করেছি—সমালোচনা, গালিগালাজ—শুধু একটি কারণেই, যাতে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইটি স্পষ্ট হয়।”
ইশরাক বলেন, “যারা নিরপেক্ষতার নামে একতরফা আচরণ করছে, তারা যেন পদত্যাগ করে। তারা হাসিনার মতোই বিচার বিভাগ ও প্রশাসনকে প্রভাবিত করছে। একদিন এদের মুখোশ উন্মোচন হবে।”
তিনি আরও বলেন, “হাসিনাকে আগেই বলেছিলাম—কবর ঠিক আছে, আল্লাহর হুকুমে সেখানেই যাব। তবে লড়াই শেষ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন ইশরাক। গত ২৭ মার্চ একটি রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.