
Published :
Updated :

জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রধান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে—এমন প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেও, ইরান তার পারমাণবিক অবকাঠামো পুনর্গঠন করতে সক্ষম এমন ইঙ্গিত দিয়েছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, হামলার পরও ইরানের অবকাঠামোর কিছু অংশ অক্ষত রয়েছে। তিনি বলেন, “এই অবকাঠামো পুনর্নির্মাণ অসম্ভব নয়।”
বুধবার (২৫ জুন) অস্ট্রিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরও বলেন, “এটি এমন একটি কাজ যা ইরান করতে জানে। কিছুটা সময় লাগবে।”
তিনি দ্রুত ইরানের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেন পরিদর্শকরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের কাজ আবার শুরু করতে পারেন। তিনি সতর্ক করে বলেন, “আমরা এই সুযোগ হারাতে পারি না, কারণ এতে পরিদর্শন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।”
ইরানের পক্ষ থেকে আইএইএ সম্পর্কে সাম্প্রতিক সমালোচনার বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
আর ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংবিধি (এনপিটি) থেকে সরে আসবে কিনা—জানতে চাইলে গ্রোসি বলেন, এমনটা হলে তা হবে “খুবই দুঃখজনক।”

For all latest news, follow The Financial Express Google News channel.