
Published :
Updated :

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আজ সোমবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই অভিযানে দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি পরিবহনকারী উড়োজাহাজ এবং ইরানের এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার মাধ্যমে তারা ইরানি সামরিক বিমানঘাঁটিগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সক্ষম হয়েছে এবং ইরানের বিমান শক্তিকে দুর্বল করা হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এদিকে ইরানের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক ইরানি নারী এবং তার ৬ বছর বয়সী ছেলে নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি টিভি চ্যানেল প্রেস টিভি ও ফার্স বার্তা সংস্থা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ওই হামলাটি চালানো হয়, যেখানে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারীর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.