ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা শনিবার

Published :
Updated :

ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও খ্যাতনামা বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
আজ বুধবার (২৫ জুন) (যুদ্ধবিরতি কার্যকরের এক দিন পর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের টানা ১২ দিনের হামলায় শহীদ হওয়া সামরিক ও বিজ্ঞানী শ্রেণির ব্যক্তিদের জানাজা রাজধানী তেহরানে আয়োজন করা হবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হবে।
এর আগে গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, যার পাল্টা জবাব দেয় তেহরান। এরই ধারাবাহিকতায় ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র, যার পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। পরদিন ২৩ জুন কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান। টানা ১২ দিনের এই উত্তেজনার মধ্যে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
ইসরায়েল দাবি করেছে, সংঘাতে তারা ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করেছে। একইসঙ্গে নিহত হয়েছেন দেশটির বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা।

For all latest news, follow The Financial Express Google News channel.