
Published :
Updated :

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে হোয়াইট হাউস প্রেসিডেন্টের সময়সূচি প্রকাশ করে, যেখানে এই বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।
বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন—যদি ইরান তাদের নীতিতে পরিবর্তন না আনে, তাহলে দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।
সিএনএন আরও জানায়, ট্রাম্পের সোমবারই নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তা একদিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।
এর আগেও ইরানের বর্তমান সরকার নিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল নামক নিজের প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “যদি ইরানকে আবার মহান করা না যায়, তাহলে বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন করা হবে না কেন?”
তিনি আরও লেখেন, যদিও 'শাসন পরিবর্তন' শব্দটি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না, তবে যদি ইরানি সরকার ব্যর্থ হয়, তাহলে পরিবর্তনের দাবিও যৌক্তিক হয়ে দাঁড়ায়।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’-অর্থাৎ ‘Make Iran Great Again’। তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ বা MAGA-র অনুসরণে এই নতুন সংক্ষিপ্ত রূপ।

For all latest news, follow The Financial Express Google News channel.