জাতীয় পরিবেশ পদক-২০২৪: তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান পাচ্ছেন সম্মাননা

Published :
Updated :

পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, এবং পরিবেশভিত্তিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় পরিবেশ পদক-২০২৪’ পাচ্ছেন তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান।
সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির এক সভায় পদকের জন্য এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ব্যক্তি পর্যায়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা মো. মাহমুদুল ইসলাম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকার ধামরাইয়ের ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’ মনোনীত হয়েছেন।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে ব্যক্তি পর্যায়ে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার মোহাম্মদ মুনীর চৌধুরী এবং প্রতিষ্ঠান পর্যায়ে মনোনয়ন পেয়েছে ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’।
এ ছাড়া, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে ব্যক্তি পর্যায়ে পদক পাচ্ছেন অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।
বিজয়ীদেরকে জাতীয় পরিবেশ দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। তাদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের দুই তোলা স্বর্ণের সমমূল্যের অর্থ, ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.