
Published :
Updated :

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের মুলতবি অধিবেশন শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই তারা সংলাপে অংশ নেয়নি।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সংলাপে অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল (১৮ জুন) জানানো হবে। শুরু থেকে জামায়াতের পক্ষে সংলাপে নেতৃত্ব দিয়ে আসছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন।
এদিকে জামায়াত জানিয়েছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সাধুবাদ জানানো হলেও জামায়াত যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে নেয়নি। বরং একটি দলের সঙ্গে বৈঠক-যৌথ প্রেস ব্রিফিংকে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা-সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে জামায়াত।
এর আগে গত শনিবার (১৪ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

For all latest news, follow The Financial Express Google News channel.