
Published :
Updated :

জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে উদ্যাপিত দুটি দিবস নিয়ে আলোচনার পর সরকার সিদ্ধান্তে সংশোধন এনেছে। এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওইদিন সাধারণ ছুটি থাকবে।
অন্যদিকে, রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
‘জুলাই শহীদ দিবস’ ঘোষণার পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল সরকার। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দুটি ঘোষণা বাতিল করে নতুন দুটি পরিপত্র জারি করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.