
Published :
Updated :

কাতার সরকারের থেকে কেনা এলএনজি কেনার পর ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।
তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের সময়, গতকাল বুধবার (২৩ এপ্রিল) সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই।
এ সময় জ্বালানি উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, দেশের বিভিন্ন কোম্পানির কাছে মোট বকেয়া ছিল ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি কমিয়ে ৬০০ মিলিয়নে নিয়ে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যেই পুরোপুরি শোধ করা হবে।
শফিকুল আলম আরও বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের কাজও এগিয়ে চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.