
Published :
Updated :

খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস।' মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও।
দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। খুলনা রেলস্টেশন মাস্টার বলেন, আজকে সকাল ৬টায় জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেলস্টেশন ছেড়ে গেল। এটি সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রথমদিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনের সিট রয়েছে ৭৬৮টি। এই ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে। ধারণক্ষমতার ৬৯ শতাংশ যাত্রী খুলনা থেকেই যাত্রা করেছে। এছাড়া অন্যান্য স্টেশন থেকে যাত্রীরা উঠবে। নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, পদ্মাসেতু হয়ে ঢাকায় যাবে। ট্রেনটি সাপ্তাহিক ছুটি সোমবার বাদে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে রওনা হবে রাত ৮টার দিকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেন ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।

For all latest news, follow The Financial Express Google News channel.