
Published :
Updated :

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দকৃত পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো কন্টেন্ট রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে এসব ডিভাইসের প্রকৃত মালিকানা যাচাই করে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) মেঘনা আলম নিজে আদালতে হাজির হন। তার পক্ষে আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি অত্যন্ত সংবেদনশীল ও তদন্তাধীন। মেঘনা আলম মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করে যাদের ব্ল্যাকমেইল করেছেন তা তদন্তের জন্য জানা প্রয়োজন। ফলে তদন্তের স্বার্থেই আবেদনটি খারিজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের জন্য আটক করা হয়। তবে পরবর্তীতে সেই আটকাদেশ বাতিল হয়। এরপর ১৭ এপ্রিল ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করলে, ২৯ এপ্রিল তিনি কারামুক্ত হন।

For all latest news, follow The Financial Express Google News channel.