মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত অঞ্চল

Published :
Updated :

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গত বুধবার (১৮ জুন) রাতভর ইরানের পক্ষ থেকে তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইসরাইল দাবি করেছে, তারা এসব হামলা প্রতিহত করেছে।
তেহরান জানায়, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলও নিশ্চিত করেছে, ইরান তাদের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও রকেট লঞ্চার স্থাপনা।
ইসরাইলি প্রশাসনের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছোড়া হয়েছে।
এক ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, বরং হামলার জবাব কঠিনভাবে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির বক্তব্যকে 'ভুল সিদ্ধান্ত' আখ্যা দিয়ে বলেন, ইরানকে ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল। তবে এখনো যুক্তরাষ্ট্র ইরানে হামলায় অংশ নেবে কিনা, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ইরানের পক্ষ থেকে হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে—এমন ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট যে সিদ্ধান্তই নিন, তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.