
Published :
Updated :

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আলবোর্জ প্রদেশ থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী, তারা বিস্ফোরক এবং ইলেকট্রনিক ডিভাইস তৈরির কাজ করছিল।
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধে ইরান এর আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার এবং কখনও কখনও মৃত্যুদণ্ড দিয়েছে।
এদিকে, তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ডিপ্লো হাউস’-এর পরিচালক হামিদ গোলামজাদেহ জানিয়েছেন, ইসরায়েলের হামলা ইরানের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে অস্থিরতা তৈরির চেষ্টা করলেও, তাতে ব্যর্থ হয়েছে। বরং এসব হামলার কারণে জনগণের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব হামলার মাধ্যমে নেতানিয়াহু ইরানিদের ক্ষতির চেয়ে উপকারই করেছেন। কারণ, এর ফলে জনগণের মধ্যে দেশপ্রেম ও প্রতিরোধের মনোভাব আরও দৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ এখন বলছে—এটি কেবল সরকার বা ইসলামী প্রজাতন্ত্র নিয়েই নয়, বরং পুরো ইরানকে কেন্দ্র করে; বিষয়টি দেশের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত।

For all latest news, follow The Financial Express Google News channel.