
Published :
Updated :

নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্ট আজ আদেশ দেবেন।
সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী রওশন আলী।
এর আগে, রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ মে আদেশের দিন নির্ধারণ করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ মুলতবি রাখেন।
গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিটটি হাইকোর্টে দায়ের করেন। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর ধারা বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং তা পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানানো হয়।
হাইকোর্ট গত ১৯ মে রিটের শুনানি নিয়ে আজকের (২৬ মে) জন্য আদেশের দিন ধার্য করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.