
Published :
Updated :

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার (১১ জুন) মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরতে নামছেন ভোলা ও আশপাশের জেলার জেলেরা।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ এপ্রিল থেকে আজ রাত পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ ছিল। এই সময়ের মধ্যে ভোলার প্রায় ৬৫ হাজার জেলে মাছ ধরা থেকে বিরত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, সমুদ্রে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার সময় প্রতি জেলের জন্য ৭৮ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ সময় নৌবাহিনী, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের টাস্কফোর্স সমুদ্রে নিয়মিত টহল দিয়েছে।
সকাল থেকে ভোলার মেঘনাপাড়ের তুলাতুলি জেলেপল্লীতে দেখা গেছে, জেলেরা নৌকা প্রস্তুত করে জাল, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সমুদ্রে রওনা হচ্ছেন। দীর্ঘ বিরতির পর আবারও মাছ ধরায় ফিরতে পেরে তারা উচ্ছ্বসিত।

For all latest news, follow The Financial Express Google News channel.