
Published :
Updated :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন, গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পরও কীভাবে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালাতে সক্ষম হলেন। আদালত পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে এই নির্দেশ দেন। শুনানিতে মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালত ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত বা অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালত সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, তারা আদালতের নজরে এনেছেন যে, গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদের গত তিন মাস ধরে বাংলাদেশে ছিলেন। কীভাবে তিনি সীমান্ত পার হয়ে পালালেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেউ যদি পালিয়ে যেতে সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.