
Published :
Updated :

অস্ত্র আইনে দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলীর (৬১) আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার তিন সহযোগী—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরীফ (২৫) এবং মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)—এর ছয় দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ মে) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।
এর আগে, সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের নির্ধারিত মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন, মোল্লা মাসুদসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে এবং তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। তারা সেভেন স্টার গ্রুপ নামে সন্ত্রাসী বাহিনী চালাতেন। সুব্রত বাইন খুন-ডাকাতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সাজাভোগরত অবস্থায় কারাগার থেকে ছাড়া পেয়ে তারা আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন। পরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত মঙ্গলবার (২৭ মে) সকালে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হন।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, এস এম শরীফের হাতিরঝিলের বাসায় তারা নিয়মিত বৈঠক করতেন এবং সেখানে অস্ত্র, গুলি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সরঞ্জাম রাখা ছিল। পরে সেখান থেকেই বিকেল ৩টার দিকে শরীফ ও আরাফাতকে আটক করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.