
Published :
Updated :

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (২৮ মে) সরকারের দেওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৭ মে) জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে দেওয়া বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বৈশ্বিক ন্যায়বিচার এবং পারস্পরিক আস্থার স্বার্থে এই ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ঐক্যবদ্ধ রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য বর্তমানে যে বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে, তা হঠাৎ প্রত্যাহার না করে ধীরে ধীরে প্রত্যাহার করা উচিত, যাতে উত্তরণের এই ধারা টেকসই ও স্থায়ী হয়।
রাষ্ট্রদূত নোমান চৌধুরী উন্নয়নশীল দেশগুলোতে নিজস্ব সম্পদ আহরণ এবং স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে ‘সোশ্যাল বিজনেস’ বা সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব খাতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম।
এছাড়া, যুবসমাজকে উন্নয়নশীল দেশগুলোর মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত তরুণদের উন্নয়ন কার্যক্রমের মূল কেন্দ্রে রাখার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অবশেষে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ‘তিন শূন্যের’ — অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব ও নিঃসরণমুক্ত — একটি ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত চৌধুরী।

For all latest news, follow The Financial Express Google News channel.