পাকিস্তানি নম্বর থেকে বিমানে বোমা হামলার ম্যাসেজ আসে: বেবিচক চেয়ারম্যান

Published :
Updated :

বিমানবন্দরে বোমা হামলা হুমকির বিষয়ে হোয়াটসঅ্যাপে পাকিস্তানি নম্বর থেকে একটি বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।
তিনি আরও বলেন, "আমরা দুটি ব্যাগ সন্দেহ করেছিলাম, তবে তাতে কিছু পাওয়া যায়নি।"
আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোম থেকে ঢাকায় এসে সকাল ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিটি সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে, এবং যাত্রীদের নিরাপদে টার্মিনালে নিয়ে আসা হয়েছে।
এ সময় যাত্রীদের দ্রুত টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য তিন-চারটি লাইন করে চেকিং করা হয়েছে। টার্মিনালে তাদের জন্য খাবারের ব্যবস্থাও ছিল। যাত্রীরা পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, এত বড় একটি অপারেশনেও কোনো ধরণের বিশৃঙ্খলা হয়নি। তিনি বিমানবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সব বিভাগের সদস্যরা উপস্থিত হয়ে কার্যক্রম শুরু করেন।
বেবিচকের চেয়ারম্যান জানান, তদন্তের সময় দুটি ব্যাগ সন্দেহজনক মনে হওয়ায় স্ক্যান করা হয়। প্রতিটি লাগেজ স্ক্যানিংয়ের মাধ্যমে পরীক্ষা করা হয়। পুরো প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে এবং সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.