Bangla
10 months ago

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে: উপদেষ্টা আসিফ

Published :

Updated :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজধানী ঢাকায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম মাত্র ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে সমাপ্ত হয়েছে, যা সম্ভব হয়েছে সমন্বিত প্রচেষ্টার ফলে।

তিনি আরও বলেন, যারা প্রতিদিন পরিশ্রম করে শহরকে পরিচ্ছন্ন রাখেন, তারা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টার কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাই প্রমাণ করে তাঁদের কর্মশক্তি ও নিষ্ঠা। তারা প্রচারের আলোয় না থাকলেও তাঁদের কাজেই শহরের আসল চেহারা ফুটে ওঠে। কোরবানির ঈদের এই নায়কসুলভ ভূমিকার জন্য তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, "ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম।" 

উপদেষ্টা বলেন, এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ।

এর আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সরেজমিনে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীর অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা।

সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেন, "কোরবানির আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত।।আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।" 

Share this news