
Published :
Updated :

সারা দেশে চলছে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন। ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত। এরই মাঝে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। কয়েক দিনের টানা ভ্যাপসা গরমে ক্লান্ত মানুষেরা এই বৃষ্টিতে স্বস্তি পেলেও, কোরবানির কাজের মাঝে কিছুটা বিঘ্ন ঘটেছে।
আজ শনিবার (৭ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষ করে মুসল্লিরা যে যার মতো পশু কোরবানি শুরু করেন। ঢাকায় নির্দিষ্ট কোরবানি স্থানের অভাবে অধিকাংশ মানুষ রাস্তার পাশে, গলিতে কিংবা বাসার সামনে পশু জবাই করছেন।
এমন সময় দুপুর ১২টার দিকে হঠাৎ শুরু হয় বৃষ্টি। কেউ এই বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন, কেউ আবার কোরবানির কাজে বিঘ্ন ঘটায় কিছুটা দুর্ভোগের কথা জানাচ্ছেন।
রামপুরার বাসিন্দা মোহাম্মদ মামুন হোসেন বলেন, এই বৃষ্টি খুব প্রয়োজন ছিল। বৃষ্টি না হলে রক্ত-পানি মিশে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এভাবে রাস্তায় ছিটানো পানি দিয়ে সব রক্ত পরিষ্কার করা সম্ভব হতো না। বৃষ্টির পানিতে সড়ক ধুয়ে যাওয়ায় স্বস্তি মিলেছে।
তবে অন্যদিকে কোরবানির মাংস কাটার কাজ করছিলেন এমন একজন, মো. মোহাইমিনুল, জানালেন— বৃষ্টির কারণে কাজ মাঝপথে বন্ধ রাখতে হয়েছে। মাংস রাস্তায় ফেলে রাখা যাচ্ছে না, আবার টেনে গ্যারেজে নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাড্ডার এক মাদরাসা শিক্ষার্থী আল-আমিন বলেন, আমরা কোরবানির চামড়া সংগ্রহ করে মাদরাসায় নিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই বৃষ্টি শুরু হওয়ায় সবাই ভিজে একাকার। কাজ শেষ হতে পারলে এই ভোগান্তি হতো না।
এভাবেই ঢাকায় ঈদুল আজহার দিন কোরবানি আর বৃষ্টির মিশেলে কারও কাছে স্বস্তি, কারও কাছে আবার সাময়িক দুর্ভোগ বয়ে এনেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.