
Published :
Updated :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার রিমান্ড শেষে আমির হোসেন আমুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ। আমুর আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের আপত্তির প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরের দিন ৭ নভেম্বর আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.