রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Published :
Updated :

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি উত্থাপন করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সাত বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যার ফলে দেশটি উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বোঝা বহন করছে। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্বের প্রচেষ্টা সংকুচিত হলেও তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই একত্রিত হতে হবে।
এর আগে গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে তাঁর এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে, যেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
এই সফরে তিনি বোয়াও ফোরামের পাশাপাশি চীনের বিভিন্ন বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.