সাবেক রেলমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন, শিবিরের বিরুদ্ধে অভিযোগ

Published :
Updated :

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে আজ শনিবার হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মুজিবুল হকের বাড়ির বাসিন্দারা এই হামলার অভিযোগ তুলছেন স্থানীয় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বাড়ির একাধিক বাসিন্দা ও মুজিবুল হকের ভাতিজা আব্দুল আউয়াল জানান, আজ সকালে পাশের পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে মুজিবুল হকের আরেক ভাতিজা আহসান উল্লাহর রাজনৈতিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। ঘটনাটি স্থানীয় লোকজন তখন মীমাংসা করে দিলেও বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পদুয়া বাজার থেকে মিছিল নিয়ে এসে বসুয়ারা গ্রামে মিছিল নিয়ে গিয়ে মুজিবুল হকের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। জানালার কাঁচ ভাঙচুর, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
হামলাকারীরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শিবির বলছে, 'স্থানীয় বিক্ষুব্ধ জনতা' এ হামলার ঘটনা ঘটিয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, তারা বিক্ষোভ মিছিল করেছিলেন পদুয়া বাজারে। মিছিলটি বসুয়ারা গ্রামে গিয়ে শেষ হয়। এরপর স্থানীয় কিছু বিক্ষুব্ধ মানুষ মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জামাতার-শিবিরের নেতা-কর্মীর এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি তিনি নাকচ করে দেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ওই দিন তার বাড়ির জানালার কয়েকটি কাচ ভাঙচুর করা হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.