
Published :
Updated :

নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ফুল শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে আগ্রহ বেড়েছে। নাগরিক ঐক্যের পর এবার জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) শাপলা প্রতীক দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রতীকের তফসিল (তালিকা) সংশোধনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, বর্তমানে তফসিলে থাকা ৬৯টি প্রতীক বাড়িয়ে ১০০ করার চিন্তাভাবনা চলছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা প্রতীকের তালিকা ৬৯ থেকে ১০০-তে উন্নীত করতে চাই।” অন্য এক কমিশনার জানান, নতুন তালিকায় শাপলা, কলম, কলা, চেয়ারসহ বেশ কিছু প্রতীক যোগ হতে পারে।
বর্তমানে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে। বাকি ১৯টি প্রতীক রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। ইসি বলছে, নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে তালিকা সংশোধনের কাজ শুরু হবে যাতে প্রতীক বরাদ্দে জটিলতা না হয়। এ পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন পড়েছে।
এদিকে নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক এসএম মহিদুজ্জামান মহিদ জানান, শাপলা ও দোয়েল প্রতীক বরাদ্দের আবেদন করা হলেও সেগুলো জাতীয় প্রতীক হওয়ায় কমিশন আপাতত সাড়া দেয়নি। তবে দলগুলো বলছে, কাঁঠাল বা বাঘের মতো প্রতীক তফসিলে থাকায় শাপলা থাকলে তাতে আইনগত বাধা নেই।
এছাড়া আদালতের আদেশে নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও নতুন তালিকায় যুক্ত করার চিন্তা করছে ইসি।

For all latest news, follow The Financial Express Google News channel.