সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত, দুই বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা

Published :
Updated :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ ও তার আশপাশে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, চলতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কিছু স্থানে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার থেকে কয়েক দিন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় টাঙ্গাইলে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

For all latest news, follow The Financial Express Google News channel.