প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ
শেখ হাসিনা ও পরিবারের সদস্যসহ ৫৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১২ মে দাখিলের নির্দেশ

Published :
Updated :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ মে নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।
আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ ওই প্রতিবেদন দাখিল না করায় বিচারক পরবর্তী দিন হিসেবে ১২ মে তারিখটি নির্ধারণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম।
এর আগে, গত ১৩ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে ৫৩ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠা প্লট নিয়েছেন। এছাড়া, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাও অন্য মামলায় একই ধরনের অভিযোগের মুখোমুখি। অভিযোগ অনুযায়ী, তারা রাজউকের নির্ধারিত ফরমে আবেদন না করেই অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা অভিযোগে উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে এবং অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.