শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক

Published :
Updated :

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।
রাজউকের একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে দুদক ছয়টি মামলা দায়ের করেছে।
টিউলিপ সিদ্দিককে ফিরিয়ে আনার বিষয়ে কমিশনার বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথি পাঠিয়েছি, যেটি ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)’ হিসেবে পরিচিত। এই নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে তা বাংলাদেশের দূতাবাসে পৌঁছাবে। আমরা ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু করেছি।
তিনি আরও জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে প্রেরিত চিঠিপত্রও তার বাংলাদেশি ঠিকানায় পাঠানো হয়েছে। তাই তাকে বিদেশি নাগরিক হিসেবে দেখা হচ্ছে না। মামলা দায়ের হওয়ার পর তিনি বিদেশে অবস্থান করায়, তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শেখ হাসিনার বিষয়ে রেড অ্যালার্ট জারি হয়েছে কি না জানতে চাইলে কমিশনার জানান, এ বিষয়ে তার কোনো ধারণা নেই এবং এটি এখনো কমিশনে আলোচিত হয়নি। তবে তিনি বলেন, এটি আগামী কমিশন সভায় আলোচিত হতে পারে। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তি সম্পন্ন হলে তাদের সহায়তা পাওয়া যাবে।

For all latest news, follow The Financial Express Google News channel.