শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, ইসিতে দুদকের চিঠি

Published :
Updated :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আইনি পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।
ইসিতে পাঠানো চিঠিতে বলা হয়, ৯ম জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছিলেন, সেখানে নিজের নামে ৬ দশমিক ৫০ একর কৃষিজমির তথ্য উল্লেখ করেন। তবে দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ওই সময় তার নামে জমি ছিল ২৮ দশমিক ৪১১ একর। এতে দেখা যাচ্ছে, হলফনামায় তিনি ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করেছেন এবং জমির ক্রয়মূল্যও প্রকৃত মূল্য অপেক্ষা ৩১ লাখ ৯১ হাজার ১০ টাকা কম দেখিয়েছেন।
এছাড়া, দুদক আরও অভিযোগ করেছে যে, তৎকালীন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে শেখ হাসিনা ২ লাখ ৩০ হাজার ইউরো মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করেন। এই গাড়িটি নিজের ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ব্যক্তিগতভাবে ব্যবহার করেন। অথচ সংশ্লিষ্ট সংসদ সদস্যের আয়কর নথি বা নির্বাচনী হলফনামায় এ গাড়ির কোনো তথ্য ছিল না এবং তিনি কখনো গাড়িটি ব্যবহারও করেননি বলে জানা গেছে।
দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এসব তথ্যের ভিত্তিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.