শেয়ারবাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Published :
Updated :

শেয়ারবাজার থেকে প্রতারণার মাধ্যমে ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ জুন) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, যা সংস্থার সমন্বিত জেলা কার্যালয়ে রেকর্ডভুক্ত হয়।
মো. আক্তার হোসেন জানান, সাকিব আল হাসান তিনটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন এবং এ বিনিয়োগের ক্ষেত্রে বাজারে কারসাজি করা হয়েছে। এতে সাকিবও সরাসরি জড়িত বলে তিনি মন্তব্য করেন।
এর আগে গতকাল আদালত সাকিবসহ ১৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। বাকি ১৪ জন আসামির মধ্যে রয়েছেন— সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের (ওরফে হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং আরও ১২ জন, যাদের মধ্যে রয়েছেন আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে এবং অপরাধমূলক চক্রান্ত করে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে বিনিয়োগ আইন ভঙ্গ করে বাজারে কৃত্রিমভাবে শেয়ার মূল্যের উর্ধ্বগতি ঘটান। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে তাদের অর্থ আত্মসাৎ করা হয়, যার পরিমাণ ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা।

For all latest news, follow The Financial Express Google News channel.