Published :
Updated :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব পক্ষ একত্রে আলোচনায় বসায় সকলের মনে সাহস ফিরে এসেছে।
আজ রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, বর্তমানে দেশ এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার নানা প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হবে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতি হিসেবে যে সম্মান ও মর্যাদার জায়গায় আমরা পৌঁছেছি, তা ধরে রাখতে হবে এবং আরও এগিয়ে নিতে হবে।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, "সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করবো। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, যেন আমরা এগোতে না পারি, যেন সবকিছু কলাপস হয়ে যায়, আবার যেন গোলামিতে ফিরে যাই।"
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও মন্তব্য করেছেন , "যারা এই কন্সপাইরেসি (ষড়যন্ত্র) করছে, তাদের উদ্দেশ্য যেন গোলামিতে ফিরে যাই। আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।"

For all latest news, follow The Financial Express Google News channel.