শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই, তফসিলের ২ মাস জানানো হবে ভোটের তারিখ: সিইসি

Published :
Updated :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। তবে, তফসিল ঘোষণার দুই মাস আগেই ভোটের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বল্প সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) উল্লেখ করে সিইসি বলেন, "নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে। তাদের আবার ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা বড় কাজ হবে।"
নাসির উদ্দিন বলেন, "জাতীয় নির্বাচনে ইসি কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের পক্ষ থেকে কাজ করব।"
তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা প্রতিহত করতে কাজ করছে ইসি।
ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও বলে মন্তব্য করেছেন সিইসি।
তিনি আশ্বস্ত করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.