শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
Published :
Updated :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে (আইডি কার্ড) অভিভাবক বা পিতা-মাতার ফোন নম্বর এবং রক্তের গ্রুপ উল্লেখ বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা সচিবকে দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
এছাড়াও, উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সরকারকে সাত দিনের মধ্যে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।
আদালত আরও রুল জারি করে বলেছে, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। নিহত শিক্ষার্থীদের পরিবারকে পাঁচ কোটি টাকা এবং আহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশও দিয়েছে আদালত।
এ ছাড়া, ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিয়ে রুল জারি করা হয়েছে।
এই রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

For all latest news, follow The Financial Express Google News channel.