সকাল থেকে থেমে থেমে বৃষ্টি: জলাবদ্ধতা ও যানজটে চরম দুর্ভোগে রাজধানীবাসী

Published :
Updated :

সকাল থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির ফলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে যানজট, জলাবদ্ধতা এবং কাদাযুক্ত সড়কের দুরবস্থা।
আজ বুধবার (১৮ জুন) ভোর ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, যাত্রাবাড়ী, শ্যামলী, কারওয়ান বাজার ও সদরঘাটসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক জায়গায়। বাসস্ট্যান্ডগুলোতে দেখা গেছে ছাতা হাতে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা যাত্রীদের। কেউ কেউ ভিজে গিয়েছেন বাস বা সিএনজির জন্য অপেক্ষা করতে গিয়ে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে শুক্রবার পর্যন্ত দেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পাহাড়ি অঞ্চল যেমন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

For all latest news, follow The Financial Express Google News channel.