
Published :
Updated :

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের চারটি গ্রামের মানুষ জলাবদ্ধতার মধ্যে পড়েছেন। দ্বীপে জোয়ারের পানি প্রবেশ বা ভারী বৃষ্টিপাত হলেই পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা তৈরি হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীপের অভ্যন্তরীণ রাস্তাগুলোর পাশে ড্রেন না থাকায় ভারী বৃষ্টি বা সাগরে জোয়ারের পানি বাড়লেই বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। আর দ্রুত পানি নামতে না পারায় গ্রামবাসী পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, বর্তমানে বর্ষার মৌসুমে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে দ্বীপের চারটি গ্রামের বহু ঘরে পানি উঠেছে। দীর্ঘ সময় ধরে পানি না নামায় মানুষ দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, ভারী বৃষ্টির কারণে সেন্টমার্টিন দ্বীপে পানি জমে ১০০টির মতো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ভারী বৃষ্টিতে দ্বীপের জলাবদ্ধতা সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.