
Published :
Updated :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের একটি বেঞ্চ এই বিষয়ে শুনানি নেবে।
এর আগে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষ অনুমতি পায়। সেই সঙ্গে শুনানির জন্য ১৭ জুলাই দিন নির্ধারণ করে আদালত। রাষ্ট্রপক্ষকে এই সময়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ (সংক্ষিপ্ত বিবরণ) জমা দিতে বলা হয়েছিল।
গত ১ জুন আদালত লিভ টু আপিল মঞ্জুর করেন, যা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা হয়। এর আগে ১৫ মে থেকে লিভ টু আপিলের শুনানি শুরু হয়ে ২৮ মে আদেশের মাধ্যমে তা মঞ্জুর করা হয়।
ওই শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানান, আপিল বিভাগ আপিলের অনুমতি (লিভ) দিয়েছেন এবং ১৭ জুলাই শুনানির তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সংক্ষিপ্তসার দাখিল করতে বলা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.