
Published :
Updated :

ইসরাইলের তেলআবিবে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা দখলকৃত জাফার দক্ষিণে ইসরাইলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।” হামলায় 'প্যালেস্টাইন-২' নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
ইয়াহিয়া সারি বলেন, এই হামলা গাজার নিপীড়িত জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি এবং ইসরাইলি বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে চালানো হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তুলে নেওয়া হবে, ততক্ষণ ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ‘আল-আকসা স্টর্ম’ অভিযানের পর ইসরাইল গাজায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে। সেই থেকেই ইয়েমেন ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে।

For all latest news, follow The Financial Express Google News channel.