
Published :
Updated :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ভর্তুকি মূল্যে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই তেল কিনতে খরচ হবে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সা।
আজ মঙ্গলবার (২৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন পায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে এই তেল কেনা হবে।
এর আগে, ১৩ মে একই ধরনের প্রক্রিয়ায় এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা কমিটি। ওই সময় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৬১ টাকা এবং মোট ব্যয় নির্ধারিত হয়েছিল ১৭৭ কোটি ১০ লাখ টাকা।
তৎকালীন চুক্তিতে মজুমদার প্রডাক্ট লিমিটেড, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রধান অয়েল মিলস এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে নির্ধারিত পরিমাণ তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪ দিনের ব্যবধানে নতুন করে আরও ৪৫ লাখ লিটার তেল কিনতে সরকারের অনুমোদন দিলো সরকার। নতুন ক্রয়ে প্রতি লিটারে এক টাকা ৫০ পয়সা কম খরচ হচ্ছে আগের তুলনায়।

For all latest news, follow The Financial Express Google News channel.