
Published :
Updated :

‘প্রিয় মালতী’-এর মাধ্যমে আগামী ২০ ডিসেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিষেক হতে যাচ্ছেন বড় পর্দায়। এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পোস্টারিং করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমাটির একটি পোস্টার সটিয়ে দিচ্ছেন। এসময় দৃশ্যটি ধরা পড়ে গণমাধ্যমের ক্যামরায়। পরে বিষয়টি নজরে আসলে এর সমালোচনা করে এই অভিনেত্রীকে ক্ষমা চাইতে বলেছেন ঢাবি শিক্ষার্থীরা।
ঢাবি শিক্ষার্থী মো. তাসনিম তালুকদার লিখেছেন, বহিরাগত মেহেজাবিন আপু, পোস্টার লাগিয়েছেন ভালো কথা। তবে কিসের উপর পোস্টারটি লাগালেন আমাদের দেখা উচিত। ধিক্কার!
নাফিজ বসির লিখেছেন, তনুকে এই অভিনেত্রী সম্ভবত চেনেন না, অবশ্য তার মত প্রিভিলেজড মানুষের তনুকে চেনার কথাও না! তনুর গ্রাফিতির উপর বহিরাগত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ডাসে লাগানো পোস্টার এই অভিনেত্রীর নিজের এসে ছিঁড়তে হবে, ক্ষমা চাইতে হবে!
এর আগে মেহজাবীন জানিয়েছিলেন, যখন তিনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছেন। তিনি বিশ্বাস করেন প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.