
Published :
Updated :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জানিয়েছেন, ইসরায়েল ও ইরান একটি "পূর্ণাঙ্গ ও সর্বাত্মক" যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তবে এখনও পর্যন্ত ইসরায়েল কিংবা ইরান—কোনো পক্ষই এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এছাড়া, ট্রাম্পের ঘোষণার পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সম্পূর্ণ নীরব রয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তারা বলছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও নেতানিয়াহু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার গভীর রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে অংশ নেন। সেখানে তিনি মন্ত্রীদের নির্দেশ দেন, কেউ যেন যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য না দেন।
এদিকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইসরায়েল হামলা বন্ধ করে, তাহলে ইরানও প্রতিশোধমূলক আক্রমণ থেকে বিরত থাকবে।
তবে ট্রাম্পের ঘোষণার পরও পরিস্থিতি শান্ত হয়নি। ইসরায়েলের বিয়ারশেবা শহরে একাধিক দফা হামলা চালানো হয়েছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ব্যাপারে কিছু জানায়নি, ফলে পরিস্থিতি এখনও অস্থির ও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.