উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত শিশু হুমায়রার দাফন সম্পন্ন, শোকাচ্ছন্ন বাবা-মা

Published :
Updated :

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মেহেনাজ আক্তার হুমায়রার (৯) মরদেহ মঙ্গলবার সকালে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হুমায়রা ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহত হুমায়রা টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া ইউনিয়নের কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও সুমি আক্তারের একমাত্র সন্তান। দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে হুমায়রার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল ৯টায় হতেয়া কেরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও অংশ নেন।
হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, "ঘনবসতিপূর্ণ এলাকায় কেন ফাইটার জেট ওড়ানো হলো? এই অনভিপ্রেত সিদ্ধান্তের জন্য আমার কলিজার টুকরাকে হারালাম। আমার মতো অনেক মা-বাবা আজ শোকে কাতর।"
তিনি আরও বলেন, "সরকার যেন ভবিষ্যতে এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত না নেয়। আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার আর কিছুই নেই।"
শিশু হুমায়রার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

For all latest news, follow The Financial Express Google News channel.