
Published :
Updated :

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে গতকাল শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে। নিহতরা হলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত, ব্যবসায়ী নাসিমুল হক এবং জাবেদ আলী।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্রাকটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে আসছিল। আজমপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়া তিনজন পথচারীকে চাপা দেয় ট্রাকটি, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.